হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত

সংগৃহীত ছবি
সাতক্ষীরার বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির অভিযোগে এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে অনুমোদিত ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক তন্নীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চুরির ঘটনায় অভিযুক্ত এক নাইটগার্ডকেও বরখাস্ত করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং কথা বলেন রোগীদের সঙ্গে। এ সময় এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় চিকিৎসক সোহানা সেলিমকে। এরপর মন্ত্রী পরিদর্শন করেন সাতক্ষীরা সদর হাসপাতালও।
এ সময় জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খুদরত-ই-খুদা, সিভিল সার্জন আবদুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বললেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপর্যাপ্ত। দীর্ঘদিন প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যসেবায় নানা সংকট তৈরি হয়েছে। তবে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।




