মেয়ের বাড়ি গিয়ে নিখোঁজ, বিলে মিলল বৃদ্ধার মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে রেনু বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত রেনু উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রেনু দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। গত ৭ আগস্ট উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে যান রেনু। গত সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকালে বইদ্দার বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।







