নদীতে ভাসছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশের বেগবতী নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
রমজানের বাড়ি সদর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।
সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, রমজান চারদিন আগে নিখোঁজ হন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় জিডি করে তার পরিবার। আজ দুপুরে বেগবতী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ওসির ভাষ্য, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যা।







