ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার মুহতামিম গ্রেপ্তার

নরসিংদী রায়পুরায় ১০ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসার মুহতামিমকে। সোমবার (২৭ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
অভিযুক্ত মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদের বাড়ি রায়পুরার চান্দেরকান্দি এলাকায়। গত শুক্রবার রাতের ওই ঘটনার পর থেকে তিনি ছিলেন আত্মগোপনে।
ওই শিশুটির মায়ের বর্ণনা, দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার ওই মাদ্রাসায় মেয়ে ও ছোট ছেলেকে ভর্তি করেন তিনি। সেখানে (আবাসিক) থেকে পড়াশোনা করছিল মেয়েটি। গত ২৪ এপ্রিল রাত ২টায় ধর্ষণ করা হয় তাকে।
পরদিন সকালে অসুস্থ অবস্থায় মেয়েটি পৌর শহরের মৌলভীবাজারে খালার বাসায় যায়। বিস্তারিত জেনে মেয়েটির মা-বাবাকে খবর দেন খালা।
দুদিন পর মাদ্রাসার মুহতামিম জুনায়েদের বিরুদ্ধে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা। সোমবার বিকালে তা মামলা হিসেবে নথিভুক্ত হয়। রাতেই গ্রেপ্তার হন আসামি।



