রামগঞ্জ
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক, কারাগারে

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ওমর হাসান হিমেল (৩২) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকালে রামগঞ্জ স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগঞ্জ থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।
অভিযুক্ত ওমর হাসান হিমেল রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আসলাম খলিফা বাড়ির মৃত হাছান মিয়ার ছেলে। তিনি দুই বছর ধরে স্মার্ট একাডেমিতে শিক্ষকতা করছেন।
মামলার এজাহার ও শিশুটির অভিভাবকদের বরাতে জানা যায়, গতকাল রবিবার স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটি একাডেমি প্রাঙ্গণে সহপাঠীর সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শিক্ষক হিমেল তাকে দোতলার একটি কক্ষে যেতে বলেন। সেখানে নিয়ে তিনি শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর স্কুল কর্তৃপক্ষের সহায়তায় রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু বলেছেন, সোমবার সকালে একাডেমির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আস শামস বলেছেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে। শিশুটির অভিভাবকদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ন্যক্কারজনক ও হতাশাজনক। বিষয়টি জানার পর স্মার্ট একাডেমির প্রধানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বললেন, অভিযোগ পাওয়ার পর রাতেই হিমেলকে আটক করা হয়। সোমবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




