লক্ষ্মীপুর
বিএনপির ৩১ নেতার পদত্যাগের ঘোষণা

ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তবে ৩১ জন পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন।
পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া নেতাদের মধ্যে ওয়ার্ড কমিটির নির্বাচিত সভাপতি, সহসভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনকারীরা রয়েছেন। ৫১ সদস্যের কমিটির ৩১ জন এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগ করতে চাওয়া নেতারা হলেন সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি।
পদত্যাগের বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেছেন, ‘জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারী-সংক্রান্ত অভিযোগের ঘটনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার কারণে দলের বদনাম হয়েছে। সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাদের পদত্যাগপত্র আপাতত আমার কাছে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’




