মহেশখালীতে পুলিশের ২ অভিযান নিয়ে প্রশ্ন, মিলছে না গুলির হিসাব
- এক অভিযানে ১৬ কিলোমিটার পথ ৩৫ মিনিটে পাড়ি দেওয়ার দাবি
- অস্ত্র উদ্ধারের সাক্ষী বলছেন দেখেননি অস্ত্র
- আরেক অভিযানে বিয়েবাড়িতে গুলিবিদ্ধ সাতজন
- পুলিশ বলছে গুলি ছুড়েছে ডাকাতেরা

ফাইল ছবি
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের দুটি অভিযানের বর্ণনা নিয়ে প্রশ্ন উঠেছে।
একটি অভিযানের মামলায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ, পাল্টাপাল্টি গুলি, দুই পুলিশ সদস্য আহত হওয়া এবং অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। কিন্তু ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, জব্দ তালিকার একমাত্র সাধারণ সাক্ষী ও হাসপাতালের চিকিৎসা-তথ্যের সঙ্গে পুলিশের এই বর্ণনার মিল পাওয়া যাচ্ছে না।
এজাহারে ১৬ কিলোমিটার পথ ৩৫ মিনিটে পাড়ি দেওয়ার কথা বলা হলেও স্থানীয় সিএনজিচালকদের মতে, ওই পথ যেতে অন্তত এক ঘণ্টা লাগে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জব্দ তালিকার সাক্ষী দাবি করেছেন, তিনি কোনো অস্ত্র দেখেননি। এজাহারে দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথা থাকলেও হাসপাতালের তথ্য অনুযায়ী, তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এর ১১ দিন পর মহেশখালীর আরেক এলাকায় বিয়েবাড়িতে পুলিশের অভিযানে শিশু-কিশোরসহ সাতজন আহত হওয়ার অভিযোগ ওঠে। তাদের একজন মিনহাজ উদ্দিনের পায়ে একাধিক গুলি লাগে। তার স্বজনদের অভিযোগ, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে পুলিশ ক্যাম্পে নিয়ে মারধর করা হয়। পরে পুলিশের গুলিতে নয়, ডাকাতের গুলিতে আহত হয়েছেন- এমন বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো গুলি ছোড়েনি। ডাকাতদের গুলিতেই দুজন আহত হয়েছেন।
দুটি ঘটনার বর্ণনা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিকিৎসা-তথ্য ও পুলিশের দাবির মধ্যে এমন ফারাক তৈরি হয়েছে যে প্রশ্ন উঠেছে, এজাহারে ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, বাস্তবে কি ঘটনাপ্রবাহ তেমনই ছিল?
৩৫ মিনিটে ১৬ কিলোমিটার পথ
ঘটনার সূত্রপাত গত ২ নভেম্বর। মহেশখালী থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মোহাম্মদ ইকবালের করা এজাহার অনুযায়ী, ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নতুন বাজারে অবস্থানকালে তিনি গোপন সূত্রে সংবাদ পান। হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়ার ছড়ার পাশে বাঁশতলা এলাকায় এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে বলে তাকে জানানো হয়।
পরে মহেশখালী থানার ওসির পরামর্শে তিন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তিনি। এজাহারে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।
তবে পুলিশের এই সময়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সিএনজিচালকেরা। মহেশখালী সিএনজি চালক সমিতির তথ্য অনুযায়ী, নতুন বাজার থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার সরু কাঁচা সড়ক। এ ছাড়া বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পথে ছয়টি ব্যস্ত বাজারে মানুষের ভিড় থাকে।
চালকদের ভাষ্য, যানজট না থাকলেও এই পথ পাড়ি দিতে অন্তত এক ঘণ্টা সময় লাগে। সে হিসাবে ১৬ কিলোমিটার পথ ৩৫ মিনিটে অতিক্রম করার পুলিশের দাবি বাস্তব যাতায়াতের সময়ের সঙ্গে মেলে না।
এজাহারে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে মো. লোকমান (৩২) নামের একজনকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।
কিন্তু ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হানিফের বর্ণনায় বন্দুকযুদ্ধের এমন কোনো চিত্র পাওয়া যায়নি। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক হানিফের ভাষ্য, তারা কালারমারছড়ার কাঠালতলীর তিন রাস্তার মাথায় লোকমানের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সাদা পোশাকে চারজন লোক দোকানে ঢুকে ক্যাশে থাকা লোকমানকে মারধর শুরু করেন এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় লোকজন তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানার কপি দেখতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়। হানিফের দাবি, একপর্যায়ে পিএসআই ইকবালের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে। এতে তিনি ও ইসমাইল নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের দাবি, ওই সময় পুলিশের কোনো সদস্য আহত হননি। এজাহারে দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথা বলা হলেও মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যেও দেখা যায় ভিন্ন চিত্র।
হাসপাতাল সূত্র জানায়, ওই দিন রাত ১১টা ২০ মিনিটে মহেশখালী থানার দুই কনস্টেবল সুজন দে ও তানভীর হোসেন চিকিৎসা নিতে আসেন। তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসকদের কাছে তারা আসামি ধরতে গিয়ে শরীরের ভেতরে ব্যথা অনুভব করার কথা জানান। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অস্ত্র উদ্ধারের সাক্ষীই দেখেননি অস্ত্র
প্রথম অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে। পুলিশের জব্দ তালিকায় বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টর্চের আলোয় লোকমানের লুঙ্গির ভাজ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকায় দুই কনস্টেবলের পাশাপাশি সাধারণ সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন সিএনজিচালক মোহাম্মদ নাছির।
কিন্তু নাছিরের বক্তব্যে অস্ত্র উদ্ধারের কোনো বিবরণ নেই। তার ভাষ্য, পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে তিন রাস্তার মাথায় সিএনজি রেখে হেঁটে ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ একজনকে টানাহেঁচড়া করে তার গাড়িতে তুলে আনে। এরপর তারা থানায় যান।
নাছিরের দাবি, ঘটনাস্থলে কিংবা থানায় তিনি কোনো অস্ত্র দেখেননি। আসামি আটকের কথা বলে পুলিশ তাকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়।
অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে পিএসআই মোহাম্মদ ইকবাল বললেন, লোকমান ১১ মামলার শীর্ষ সন্ত্রাসী। চলমান মামলা হওয়ায় আদালতের বাইরে জব্দ তালিকার সাক্ষীর বক্তব্য নিয়ে তিনি মন্তব্য করবেন না। তার দাবি, আসামিকে ধরতে গেলে সন্ত্রাসীরা তাদের কোপাতে আসে। তখন আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হন তারা।
মহেশখালী থানার ওসি আবদুস সোলতান বললেন, বাদী যেভাবে এজাহার দিয়েছেন, রেকর্ডিং কর্মকর্তা হিসেবে তিনি সেভাবেই তা লিপিবদ্ধ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযানের নেতৃত্বে থাকা পিএসআই ইকবালের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
এদিকে লোকমানের স্ত্রী হাদিছা আকতারের অভিযোগ, ২০১৮ সালে র্যাবের কাছে আত্মসমর্পণের পর ২০১৯ সালে জামিনে বের হওয়ার তিন দিন পর থেকেই তার স্বামীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
হাদিছা আক্ষেপ করলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়ায় আমরা এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসি। গত দেড় বছর ধরে আমার স্বামী সেখানে মুদির দোকান করে জীবিকা নির্বাহ করছেন। এই সময়ে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কিন্তু গত ২ নভেম্বর সন্ধ্যায় দোকান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।’
তার দাবি, র্যাবের কাছে আত্মসমর্পণের পর স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়টি তারা র্যাবকে জানিয়েছিলেন। সে সময় সহযোগিতার আশ্বাসও পেয়েছিলেন।
বিয়েবাড়িতে গুলিবিদ্ধ সাতজন
প্রথম ঘটনার ১১ দিন পর, ১৩ নভেম্বর রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এবার ঘটনাস্থল ছিল একটি বিয়েবাড়ি। স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠানে শিশু-কিশোরসহ অনেক মানুষের সমাগম ছিল।
স্থানীয়দের ভাষ্য, ডাকাত ধরতে পুলিশ সেখানে অভিযান চালালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় পেছন থেকে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বিয়ের অনুষ্ঠানে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হন।
আহত ব্যক্তিদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) গুরুতর আহত হন। তার পায়ে একাধিক গুলি লাগে। অন্য আহত ব্যক্তিরা হলেন দরগাহ ঘোনার মৃত রশিদ মিয়ার ছেলে আবদুর রহিম কালো (১৬), নাছির উদ্দিনের ছেলে রাহাত (১২), ইমাম হোসেনের ছেলে মো. ওয়াসিফ (৮), আজগরের ছেলে বাবু (১৮) ও কালু মাঝির ছেলে ছাদেক (২৫)। আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার পরিচয় জানা যায়নি।
মিনহাজের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ভয়ে দৌড় দেন। তখন পেছন থেকে পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে যেতে পারলেও তার পায়ে একাধিক গুলি লাগে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।
তবে মিনহাজের স্বজনদের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে পুলিশ কালারমারছড়া ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন এবং তার মুঠোফোন কেড়ে নেন।
মিনহাজের ভাই কফিল উদ্দিন বললেন, পরে তাকে মহেশখালী থানায় নেওয়া হয়। সেখানে পুলিশের বিরুদ্ধে কথা না বলতে এবং ডাকাতের গুলিতে আহত হয়েছেন- এমন বক্তব্য দিয়ে ভিডিও ধারণ করতে চাপ দেওয়া হয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
কফিল উদ্দিনের ভাষ্য, ‘আমার ভাইকে বিয়েবাড়িতে গুলি করে পুলিশ ধরে নিয়ে যায়। কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে পরে মহেশখালী থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পুলিশ তাকে ডাকাতের গুলিতে আহত হয়েছে বলে ভিডিও বক্তব্য দিতে চাপ দেয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে ভিডিও বক্তব্য দিতে হয়েছে।’
পরিবারের দাবি, প্রথমে মিনহাজকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় তাকে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকজন আহত ব্যক্তির অভিভাবকও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের দাবি, সন্তানদের পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনা আড়াল করতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন- এমন বক্তব্য দিতে চাপ দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়েছে।
পরিবারগুলোর অভিযোগ, ঘটনার পর আহত ব্যক্তিদের কাছ থেকে ভিডিও বক্তব্য নেওয়ার পাশাপাশি তাদের স্বজনদের কাছ থেকেও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ওসি আবদুস সোলতান। তার দাবি, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ ব্যক্তি গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।
আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাদের পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।
নিরপেক্ষ তদন্তের দাবি আইনজীবীদের
দুটি অভিযানের বর্ণনা ও ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরাও। কক্সবাজার আদালতের আইনজীবী ইউসুফ আরমান বলেছেন, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করতে মাত্র তিন কনস্টেবল নিয়ে একজন শিক্ষানবিশ কর্মকর্তার সিএনজিতে অভিযানে যাওয়ার বর্ণনাটি সিনেমার কাহিনির মতো শোনায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুল এহেছানের মতে, এজাহারে কল্পনার কোনো সুযোগ নেই। প্রশ্নবিদ্ধ এই অভিযানের সত্যতা উদ্ঘাটনে পুলিশের পরিবর্তে নিরপেক্ষ কোনো সংস্থার মাধ্যমে তদন্ত হওয়া জরুরি।
তিনি বললেন, ‘মহেশখালীর দুই অভিযানের ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত পুলিশের বক্তব্যের বিপরীতে রয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জব্দ তালিকার সাক্ষীর আপত্তি, চিকিৎসা নথির তথ্য এবং আহতদের পরিবারের বয়ান। এসব অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব তদন্তকারীদের।’
দুটি অভিযানে অভিযোগের বিষয়ে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামাল উদ্দীন চৌধুরী মুঠোফোনে আগামীর সময়কে বলেছেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তাই ঘটনার বিষয়ে এখন কিছু বলতে পারছেন না।
তবে তিনি আশ্বস্ত করলেন, ‘কর্মস্থলে ফিরে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’



