বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলীর আওতাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল ইউনিয়নের তিন স্কুলছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে নিখোঁজ দুই ছাত্রীর বাবা বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেনের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, তিন ছাত্রীকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




