বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার দানাজপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে স্থাপিত সোলার সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






