নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। ছবি: আগামীর সময়
নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। আজ রবিবার সকাল থেকে বাগেরহাট বাসস্ট্যান্ড ছেড়ে কোনো দূরপাল্লার বাস যায়নি। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। পরিকল্পনা ছিল, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচল করবে। তবে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক।
বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ জানিয়েছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও প্রায় নেই।
বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার জানান, জরুরি প্রয়োজনে তাকে ঢাকায় যেতে হবে। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এসেও কোনো ঢাকাগামী বাস পাননি। পরে লোকাল বাসে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন।
এদিকে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, মধুমতি সেতু এলাকায় গত শনিবারের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার রাতে মোল্লাহাট উপজেলার মধুমতি সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে রুমান মোল্লা (৩৫) আহত হন। তিনি উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।




