নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি
নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন। বিকল্প পথ হিসেবে কিছু পরিবহন যশোর-মাগুরা সড়ক ব্যবহার করছে।
আজ বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় খুলনা নগরীর রয়্যাল মোড়ে প্রতিদিনের স্বাভাবিক কোলাহল দেখা যায়নি। কাউন্টারগুলো ছিল প্রায় ফাঁকা। সোহাগ, গ্রিনলাইন ও গোল্ডেন লাইনসহ বিলাসবহুল পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়। আগে থেকে টিকিট বিক্রি করা যাত্রীদের ফোন করে টাকা ফেরত দেন কাউন্টার মাস্টাররা।
সোহাগ পরিবহনের যাত্রী সিফাত কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলেন, চার দিন আগে পারিবারিক কাজে তিনি খুলনায় এসেছিলেন। দুই দিন পর বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা। বুধবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট নিতে এসে বিপাকে পড়েছেন।
একই কাউন্টারে কথা হয় জাকিরুলের সঙ্গে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎসককে চোখ দেখানোর কথা তার। চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারলে আবার তিন মাস অপেক্ষা করতে হবে তাকে।
ঢাকার নাখালপাড়ার বাসিন্দা রুবেল বলেন, ‘কোম্পানির কাজে তিনি খুলনায় এসেছিলেন। এখানে তাঁর কোনো আত্মীয়স্বজন না থাকায় আবাসিক হোটেলে থাকতে হচ্ছে।’
সোহাগ পরিবহনের টিকিট মাস্টার আব্দুল হান্নান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে সকাল সাড়ে ১১টার বাসটি গোপালগঞ্জ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বিকল্প পথ হিসেবে কয়েকটি বাস যশোর হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এতে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় গাড়িতে থাকতে হচ্ছে। অনেক যাত্রীকে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও ভাঙ্গায় সড়ক অবরোধের খবর পাওয়ার পর যাত্রীদের ফোন করে টিকিট বাতিলের বিষয়টি জানিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি এসি ও তিনটি নন-এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। এতে কোম্পানির ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে বাস ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।’
গ্রিন লাইনের এক টিকিট বিক্রেতা জানান, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল করেছে। এরপর থেকে কাউন্টার থেকে আর কোনো বাস ছেড়ে যায়নি। সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ‘দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।’
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল রয়েছে। তবে ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।




