ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

ছবি: আগামীর সময়
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা এবং একই উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানালেন, আব্দুর রাজ্জাক তার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন যুবক জানালা দিয়ে টান দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। তাদের ধরতে ট্রেন থেকে নেমে ধাওয়া করতে যান আব্দুর রাজ্জাক। এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দিলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বললেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু হয়েছে।



