ভারত থেকে ফিরছিলেন, সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী আজহারুল ইসলাম মানিক। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাজী আজহারুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
আর তার বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।
পুলিশ জানিয়েছে, কাজী আজহারুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মানিক দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দেশে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।



