নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৬

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ছবি: আগামীর সময়
নড়াইলের লোহাগড়া উপজেলায় ‘প্রতিপক্ষের’ হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই হামলা হয়।
নিহত মিসকান সরদার (৩৬) ওই গ্রামের লোকমান সরদারের ছেলে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
তাদের একজন ওই গ্রামের সারফিনা বেগম। তিনি জানালেন, প্রতিপক্ষের আসলাম ও তার লোকজন এই হামলায় জড়িত। মিসকানসহ তাদেরকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।
স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মিসকানের অবস্থার অবনতি হয়। ঢাকায় পাঠানোর সময় পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বললেন, গ্রামে আধিপত্য বিস্তারের বিরোধে এই হামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। এখনও লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি কেউ।





