ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় বেতন-বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পিএ নীট কারখানার শ্রমিকেরা। তবে শিল্প পুলিশ, বিজিবি ও থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিতে পারেননি। এতে যান চলাচল স্বাভাবিক থাকে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএ নীট কারখানার সামনে জড়ো হয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে পিএ নীট কারখানার শ্রমিকেরা বেতন-বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, বিজিবি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। তাদের তৎপরতায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিতে পারেননি। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএ নীট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তাৎক্ষণিক পুলিশ ও বিজিবি যৌথভাবে অবস্থান নেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কারখানা কর্তৃপক্ষ অর্ধবেলার ছুটি ঘোষণা করেছে। আগামীকাল থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম চলবে।



