অবরোধের দেড় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু। ছবি: আগামীর সময়
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দিলে অবরোধের দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে নেমে অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানিয়েছেন, আজ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।




