সুন্দরবনে মজনু বাহিনীর হাতে অপহরণের শিকার ৪ জেলে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ফাইল ছবি
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনী হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে অপহরণ করা হয় জেলেদের।
এ সময় পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় উপকূলের জেলে-মহাজনদের মাঝে নতুন করে দেখা দিয়েছে দস্যু আতঙ্ক।
অপহৃত জেলেদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। এই জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় বলে জানিয়েছেন অপহৃতদের মহাজনরা।
নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেবহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারটি নৌকা থেকে চার জনকে তুলে নিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের খবর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।




