ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় ইঁদুর থেকে বীজতলা রক্ষায় অবৈধভাবে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. আহাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মনোহরগঞ্জের বেদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী মো. শফিক বীজতলা রক্ষায় অবৈধভাবে কভার ছাড়া বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে সংযোগ দিয়ে রাখেন। শুক্রবার রাতে ওই সংযোগ চালু করা হয়। শনিবার সকাল ১১টার দিকে আহাদ বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত সে বীজতলা ঘিরে রাখা ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহাদের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সামান্য ফসল রক্ষার জন্য এভাবে উন্মুক্ত ও অবৈধ বৈদ্যুতিক তার পেতে রাখা চরম দায়িত্বহীনতা ও অপরাধ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



