ডিসেম্বরে ভয়াবহ শীত আসবে, পোস্ট দিয়ে নোটিস পেলেন শিক্ষক

মহসিন আকন্দ
ফেসবুকে ডিসেম্বর মাসের শীত নিয়ে দেওয়া এক শিক্ষকের পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মহসিন আকন্দ নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়তে পারে বলে একটি পোস্ট দেন মহসিন আকন্দ। সেখানে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’
পোস্টটির নিচে বিভিন্ন ব্যক্তি মন্তব্য করেন। নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু লেখেন, ‘সুন্দর উপলব্ধি।’ ফাতেমা সেতু নামের এক নারী মন্তব্য করেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’ এর জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে নাতো?’
এ ছাড়া জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না সেটা বলেন?’
এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নজরে আসে।
এরপর গতকাল রবিবার ইউএনওর নির্দেশে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষক মহসিন আকন্দ জানিয়েছেন, নিম্নচাপের কারণে শীত বাড়তে পারে, এমন ধারণা থেকেই তিনি পোস্টটি দিয়েছিলেন। ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেছেন তিনি। তবে কী কারণে তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে, তা বুঝতে পারছেন না বলে জানান।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




