‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রাবিরতিতে কুমিল্লায় হবে বড় পথসভা’

ছবি: আগামীর সময়
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে লংমার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চ চলাকালে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বড় ধরনের পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
আজ বৃহস্পতিবার সকালে হোটেল নূরজাহানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিকে সামনে রেখে এ লংমার্চ কর্মসূচি পালন করা হবে। দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
তিনি জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে বলে আশা করছেন আয়োজকেরা। মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে নূরজাহান হোটেল সংলগ্ন মাঠে বড় পরিসরে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
তিনি জানান, জাতীয় নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত থাকার কথা রয়েছে।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, পথসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
আয়োজকেরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে নূরজাহান হোটেলের পূর্ব পাশে পথসভার আয়োজন করা হয়েছে। সমাবেশস্থলের পশ্চিম পাশে পূর্বমুখী করে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। সাংবাদিকদের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং ভিডিও ও ক্যামেরাম্যানদের জন্য আলাদা স্টেজ থাকবে। পথসভাস্থলে পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমান, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক প্রমুখ।





