বিয়েবাড়িতে আনন্দের বদলে শোক, পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রংপুর সদর উপজেলার একটি বিয়েবাড়িতে উৎসবের মধ্যে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামের ঘটনা এটি। এতে মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়।
নিহত দুই শিশু হলো- বদরগঞ্জ উপজেলার চম্পাতলী মিস্ত্রিপাড়া গ্রামের রুপা রানী (১০) ও তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা গ্রামের পঞ্চমী রানী রায় (৮)।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোমবার রাতে আরাজি গ্রামের রতন চন্দ্র রায়ের বিয়ে হয় তারাগঞ্জের কাংলাচড়া গ্রামে। বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের আত্মীয়স্বজন সেখানে আসেন। রতনের বোন ওমালা রানী তার মেয়ে রুপাকে নিয়ে বাবার বাড়িতে আসেন। একইভাবে রতনের বড় ভাই অজয়ের শ্যালিকা মিনতি রানী রায় তার মেয়ে পঞ্চমীকে নিয়ে বিয়েবাড়িতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও বাড়িতে তখনো উৎসবের আমেজ ছিল। বুধবার দুপুরে রুপা ও পঞ্চমী বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তারা ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গ্রামের সুধীর রায়ের পুকুরে তল্লাশি চালানো হয়। বিকেলে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মানিক চন্দ্র বলেন, বিয়েকে কেন্দ্র করে বাড়িটিতে হাসি-আনন্দ ছিল। দুই শিশুর মরদেহ পাশাপাশি পড়ে থাকতে দেখে এলাকার কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।
মমিনপুর ইউনিয়নের মেম্বার দুলাল হোসেন বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘বিয়েবাড়িতে এসে সবার অজান্তে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’




