সৈয়দপুর রেল কারখানায় মবিল চুরির অভিযোগে শ্রমিক আটক

সংগৃহীত ছবি
সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে মবিল চুরি করে পাচারের সময় রুহুল আমিন শান্ত নামে এক শ্রমিককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (২৩ মে) দুপুরে কারখানার প্রধান গেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২০ লিটার চোরাই মবিল।
আটক রুহুল আমিন শান্ত কারখানার টুল রুম শপের কর্মচারী। তিনি সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকার রশিদের ছেলে।
কারখানার আরএনবি ইনচার্জ মোখলেসুর রহমান ববির ভাষ্য, সকালে এক শ্রমিকের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি বোতলে রাখা মবিল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে ওই শ্রমিক স্বীকার করেন, তিনি তার শপ থেকে এগুলো নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, কোনো শ্রমিক বা আরএনবি সদস্য চুরির সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ছুটির সময় একসঙ্গে অনেক শ্রমিক গেট দিয়ে বের হওয়ায় সব সময় তল্লাশি সম্ভব হয় না।
মোখলেসুর রহমান ববি জানান, ডিএসের নির্দেশনা অনুযায়ী কোনো অনিয়মে ছাড় দেওয়া হচ্ছে না। তাই আটক শ্রমিককে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ জানিয়েছেন, কারখানার শপ থেকে মবিল চুরির ঘটনায় আটক শ্রমিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি সতর্কতামূলক পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, কারখানায় কোনো ধরনের চুরি বরদাস্ত করা হবে না। এর আগে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত এক অস্থায়ী শ্রমিককেও বরখাস্ত করা হয়েছে।






