মনোহরদী
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রান্তিক মানুষের কথা শুনলেন স্বাস্থ্য সচিব

ছবি: আগামীর সময়
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও সমস্যা সরাসরি শুনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ। একই সঙ্গে বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় স্থানীয় পর্যায়ের মানুষ ও সংশ্লিষ্টদের কাছ থেকে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মান, বিদ্যমান সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা শোনেন প্রধান অতিথি। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি প্রান্তিক মানুষের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে প্রধান অতিথি ভাগবের সুন্দর আলি মেম্বার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এম এন মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. সজিব মিয়া,জাপানের কিউশু ইউনিভার্সিটির রিসার্চ কন্সালট্যান্টপার্থ প্রতিম ঘোষ, মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




