মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড পাওয়া মো. নুরুল ইসলাম ও মো. সাইমন ইসলাম। ছবি: আগামীর সময়
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ড. আব্দুল মতিন চৌধুরী।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ও আনোয়ার পলাতক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাসায় চাঁদা নিতে আসেন নুরুলসহ কয়েকজন। এ সময় নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন নাহারকে গালাগাল ও মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। বাবা-মাকে রক্ষা করতে এগিয়ে যান কলেজছাত্র নাঈম। এ সময় আসামিরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দুই দিন পর ৯ নভেম্বর নাঈমের বাবা নয়জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।
নাইমের স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন।
নাঈমের বাবা বলেছেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’ রায় কার্যকর এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।




