বোয়ালমারীতে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আগামীর সময়
ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গে রোজা মনি নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার।
মৃত রোজামনি সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরব প্রবাসী অহিদ শেখের মেয়ে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, গত সোমবার সকালে তীব্র জ্বর, সর্দি-কাশিসহ হামের নানা উপসর্গ নিয়ে রোজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়।
তিনি জানিয়েছেন, বর্তমানে এলাকায় হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই এ ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। তবে অনেকেই সময়মতো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। রোজামনিই এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রথম রোগী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল জানান, হামের সংক্রমণ রোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের ওপর জোর দেওয়া হচ্ছে। উপজেলার সব অভিভাবককে তাদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো শিশুর মধ্যে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দাগ বা র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।




