বিক্ষোভে আবারও উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, সংঘর্ষে আহত ২

আশুলিয়ার শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকেরা।
একপর্যায়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পোশাকশ্রমিক আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই আশুলিয়ার স্টারলিং স্টাইল পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, কয়েক দিনের বিরতির পর আজ সকালে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন। নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে জামগড়া এলাকার শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আহত দুই শ্রমিককে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানিয়েছেন, দুজনই রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
তবে সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।




