জনগণ শেখ হাসিনাকে আর কখনো মেনে নেবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যারা স্বৈরাচারী নেত্রীর দেশে ফেরার স্বপ্ন দেখছেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, ‘আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদের রেখে পালিয়ে গেছেন। তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।’
আজ মঙ্গলবার বিকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন, যেখানে তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা যখন কাজ করছি, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজের ভেতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের এবং পুলিশ প্রশাসনের সবাইকে আহ্বান জানাব, সতর্ক থেকে স্বৈরাচারীদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না। বাংলাদেশে স্বৈরাচারের কোনো বীজও দেখতে চাই না।’
নওগাঁ জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামের এক পাশে গ্যালারির অর্ধেকের বেশি অংশ নেই। প্রথমে নওগাঁ জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন ও গ্যালারি নির্মাণের পাশাপাশি ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘শুধু নওগাঁ নয়, সারা বাংলাদেশের প্রায় ৫১টি জেলায় জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের পাশাপাশি ক্রীড়া অবকাঠামো তৈরি করছি। খুব তাড়াতাড়ি এসব কাজ শুরু করব। আশা করি, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।’
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে ৩৭টি জেলা থেকে প্রায় ৫৩৫টি ইউনিয়নভিত্তিক মাঠের তথ্য পাওয়া গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব তথ্য সংগ্রহ করে দ্রুত মাঠগুলোতে খেলাধুলা শুরু করতে চায় সরকার।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এনামুল হক।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় মান্দা ও রাণীনগর উপজেলা একাদশ।



