সৎমাকে হত্যার পর জামিন, এবার আপন মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

অভিযুক্ত রাহিম শেখ—সংগৃহীত
ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে আব্দুর রাহিম শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে একই দিন দুপুরে ফরিদপুর পৌরসভার বায়তুল আমান এলাকার নিজ বাসায় সাহেলা আক্তার (৫০) নিহত হন। এ ঘটনায় তার ছেলে আব্দুর রাহিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই রাহিম পলাতক ছিলেন। পরে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে সালথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় নেওয়া হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাহিম এর আগেও তার সৎমাকে হত্যা করেছিলেন। ওই মামলায় প্রায় এক বছর আগে তার আপন মা সাহেলা আক্তার জামিনের ব্যবস্থা করেন। অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হওয়ার পর নেশার টাকার জন্য এবার তিনি নিজের মাকেই হত্যা করলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেছেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্ত রাহিম পলাতক ছিলেন। পরে পুলিশের অভিযানে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’







