দৌলতদিয়া-পাটুরিয়া
বন্ধের আধা ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: আগামীর সময়
বৈরি আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার আধা ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বৈরি আবহাওয়ার কারণে নৌপথটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সন্ধ্যার পর হঠাৎ দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং সোয়া ৬টার দিকে তীব্র ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ৩০ মিনিট বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’
তিনি জানান, বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।






