নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জখম বিএনপি নেতা
নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৫০) কুপিয়ে ও জখম করেছে দুর্বৃত্তরা।
জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।
রবিউল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় রিয়াজুল ও মো. পলাশসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
অভিযুক্ত মো. পলাশসহ হামলাকারীরাও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখমের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করছি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মো. পলাশসহ কয়েকজনকে দায়ী করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।



