লিচু বাগানের মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি
ফরিদপুরে লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্যা (৬২) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুলের বাড়ি সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ায়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাগানের লিচু পাড়া নিয়ে আজিজুলের ছেলে আকরাম মোল্যার সঙ্গে চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সী ও তুষার মুন্সীর তর্ক হয়। একপর্যায়ে আকরামকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে আজিজুলের সঙ্গেও অভিযুক্তদের তর্ক হয়। একপর্যায়ে সাকিল, তুষার ও তাদের সহযোগীরা আজিজুলকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন।
স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফরিদপুরের এএসপি মো. আল ফাহাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।




