শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : আগামীর সময়
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। দুটি বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না। বাংলাদেশকে কোনোভাবেই অস্থিতিশীল করতে দেওয়া হবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, দুটি বাস পুড়িয়ে, একটা চক্কর দিয়ে জনগণকে ভয় দেখাতে পারবেন না। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের যেভাবে দেশ থেকে তাড়িয়েছে, যে দু-একজন আছেন প্রয়োজনে তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তবু বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন। এখন দেখতে চাই, বুকের রক্ত নিয়েছেন, মা-বোনদের বুক খালি করেছেন। আসেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। আমরা প্রস্তুত আছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে তার এই ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা দেশে ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার জনগণকে সঙ্গে নিয়ে এই গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়ন অব্যাহত রাখবে।
এর আগে শহরের রথখলাস্থ বিএনপি কার্যালয় থেকে বিএনপির বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




