এক রাতে কক্সবাজারের সাত স্থানে ককটেল-পেট্রল বোমা বিস্ফোরণ

চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়
কক্সবাজারে এক রাতেই সাতটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পথচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংক রোড, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় পৃথকভাবে ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
একই রাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে।
মুখোশ ও মাস্ক পরা কয়েকজন তরুণ এসব ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানিয়েছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশিও অব্যাহত।
এদিকে একই রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরা দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে একটি ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। ব্যানারটিতে ‘চকরিয়া পৌরসভা ছাত্রলীগ’ লেখা ছিল।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে ব্যানার ঝুলিয়েছেন। খবর পাওয়ার পরপরই তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।




