দৃষ্টি প্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ স্যার নেই
প্রতিবেদক, চট্টগ্রাম

আবদুস সামাদ
দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষক আবদুস সামাদ (৬৮) আর নেই। তিনি আজ সোমবার সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে যান। আবদুস সামাদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
আবদুস সামাদ মুরাদপুর দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তিনি অবসরে যান। দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েদের পড়ালেখার জন্য তিনি নিরন্তর সংগ্রাম করে গেছেন। অবসরে যাওয়ার পরও নগরের হামজারবাগ এলাকায় দুটি বাসা ভাড়া করে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের রেখে পড়ালেখা করাতেন। দুটি বাসায় থেকে গরিব শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে।
প্রতিবন্ধীদের অধিকার আদায়ে বরাবরের মতো উচ্চকণ্ঠ ছিলেন আবদুস সামাদ। গত ২১ আগস্ট আগামীর সময় পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘দৃষ্টি প্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। তার শিক্ষার্থীরা বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।তার মৃত্যুতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ আছর জানাজা শেষে আবদুস সামাদকে হামজারবাগ কবরস্থানে দাফন করা হয়।




