‘পুলিশকে পিটিয়েছি’ বলা সেই মানিক চট্টগ্রাম দক্ষিণ এনসিপির নেতৃত্বে

এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব জোবাইরুল আলম মানিক— সংগৃহীত
'আমরা পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি। সেই দৃশ্য কি আপনারা দেখেননি?'— প্রকাশ্য সমাবেশে পুলিশকে ভয় দেখিয়ে এমন বক্তব্য দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জোবাইরুল আলম মানিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্য ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। পাঁচ দিন পর সেই মানিককে চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব করেছে এনসিপি।
গতকাল সোমবার রাতে কেন্দ্র থেকে অনুমোদন করা চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা এনসিপির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দক্ষিণ জেলার কমিটি ৬৭ জনের। এতে এ এম মুন্না চৌধুরীকে আহ্বায়ক ও জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব করা হয়েছে। উত্তর জেলায় মুহাম্মদ একরামুল হককে আহ্বায়ক ও ইয়াকুব ওয়াসিবকে সদস্যসচিব করে ৭১ জনের কমিটি করা হয়েছে। এতদিন সমন্বয়ক কমিটির মাধ্যমে দুই সাংগঠনিক জেলায় এনসিপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
'জুলাই গণঅভ্যুত্থানের' দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট বিকালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের গণসমাবেশ হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে। ওই সমাবেশে দেওয়া জোবাইরুল আলম মানিকের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।
ভিডিওতে মানিককে বলতে শোনা যায়, ‘আমরা ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চাই, ২৬ জুলাইয়ের ঘটনা আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে। যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, অথচ সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি— এ দৃশ্য কি আপনারা দেখেননি ?'
কমিটি ঘোষণার পর জোবাইরুল আলম মানিকের সেই ভাইরাল বক্তব্য আবার আলোচনায় এসেছে। তবে মানিক দাবি করেছেন, তিনি পুলিশকে হুমকি কিংবা ভয় দেখানোর উদ্দেশ্যে সেই বক্তব্য দেননি। পুলিশকে সেই ঘটনা স্মরণ করাতে ওই বক্তব্য দিয়েছিলেন।
জোবাইরুল আলম মানিক আগামীর সময়কে বললেন, ‘আমি ৯ মিনিট বক্তব্য রেখেছিলাম। সেখান থেকে শুধু পুলিশসংক্রান্ত বক্তব্যটাকে হাইলাইট করে রঙ মেখে পত্রিকাগুলো প্রচার করেছে। এজন্য বিভ্রান্তি তৈরি হয়েছে। ফ্যাসিবাদি আমলে পুলিশকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করা হয়েছিল। এজন্য পুলিশসহ প্রশাসন জনগণের মুখোমুখি হয়ে গিয়েছিল। জনতার ক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। আমি মূলত বক্তব্যে সেই বিষয়টাই প্রশাসনকে স্মরণ করে দিয়েছিলাম।’
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন বললেন, ‘এনসিপির দায়িত্বশীল পর্যায় থেকে জোবাইরুল আলম মানিককে তার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য মিসকোট হয়েছে। তিনি পুলিশকে হুমকি দিয়ে কোনো বক্তব্য দেননি। এরপরও তিনি ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।’




