৭ নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রার দিন : শাহাদাত

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার দুপুরে নগরের ষোলোশহর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্য ধারণ করে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মধ্যে এদিনের ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে জাতীয় ঐক্য প্রয়োজন। শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ ধারণ করে উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ চসিকের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।



