বিনা টিকিটে চিড়িয়াখানা দর্শনে চবির ‘ইউনূস হলের’ ছাত্র

নিজের পরিচয় দিতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হিসেবে। বিভিন্ন জায়গায় দেখাতেন তার স্টুডেন্ট আইডি কার্ড। গতকাল চট্টগ্রাম চিড়িয়াখানায় সেটি দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ নিতে গিয়ে আটকা পড়লেন কিউরেটরের কাছে। জানা গেল, তার আইডি কার্ডটি ভুয়া।
ওই কার্ডে লেখা- শাহরিয়ার নূর ইতুন নামের ছেলেটি চবির ইউনূস হলের শিক্ষার্থী। অথচ বিশ্ববিদ্যালয়ে এই নামের কোনো ছাত্রাবাস নেই।
চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন জানালেন, গতকাল বুধবার থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য প্রত্যেককে নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে, পাশাপাশি ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিতে হবে। পরিবেশ সচেতনতামূলক এই কার্যক্রমটি গতকাল বুধবার বিকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
কিউরেটর বললেন, উদ্বোধনের পরপরই ইতুন নামের ওই তরুণ চিড়িয়াখানায় আসেন। তবে পরিচয়পত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ইউনূস হল’-এর ছাত্র দেখেই সেটি ভুয়া বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।
‘ডিসি মহোদয় উদ্বোধনের পরপরই ওই তরুণ ঢুকে পড়েন ভুয়া পরিচয়পত্র দিয়ে। তবে শর্ত মেনে প্লাস্টিকসামগ্রী নিয়ে আসেন। তাই তার কষ্টের বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়া হয়। তাকে পশু-পাখি দেখতে দেওয়া হয়।’
তার ফেসবুক আইডিতেও লেখা আছে- ‘স্টাডিড অ্যাট ইউনিভার্সিটি অব চিটাগং’। ক্যাম্পাসসংক্রান্ত বিভিন্ন পোস্টও পাওয়া যায় তাতে। আজ অবশ্য তার আইডিটি ফেসবুকে পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে।
ইতুনের ফ্রেন্ডলিস্টে ছিলেন চবির ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বললেন, ‘চবিতে সে পড়াশোনা করে- এ নিয়ে সন্দেহ তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের একটি রাজনৈতিক দলের নেতারা তার কাছে আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড দেখেই তাদের মাথায় হাত, বিশ্ববিদ্যালয়ে ইউনূস হল কখন হলো... বিষয়টি ধরা পড়ার পর সে ক্ষমা চাইলে প্রাথমিকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।’






