ইয়ার্ড পরিদর্শনে তদন্ত কমিটি

সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছে শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ রবিবার দুপুরে কমিটির প্রধান এ কে এম বেনজামিন রিয়াজীর নেতৃত্বে সদস্যরা দুর্ঘটনা কবলিত ইয়ার্ডে যান।
এ সময় প্রধান বেনজামিন রিয়াজী গণমাধ্যমকে বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। আমরা সত্য উদঘাটনে পুঙ্খানুপুঙ্খভাবে যতগুলো ব্যাপার দেখার প্রয়োজন, সেটা দেখার চেষ্টা করছি।
বেনজামিন রিয়াজী বলেন, আমরা উদঘাটনের চেষ্টা করছি—কী কারণে এটা হয়েছিল, কারো গাফিলতি ছিল কি না, এখানে সেফটি মেজারে কোনো ত্রুটি ছিল কি না, আরো কী ডেভেলপ করা যায়?
তিনি বলেন, আরেকটা বিষয় খুব গুরুত্ব দিচ্ছি, যে শিপটা দুর্ঘটনা ঘটেছে সেখানে আরো কোনো টক্সিক গ্যাস থেকে যেতে পারে। এটা যাতে নিরাপদ করে তোলা যায়, এই ব্যাপারে তৎপরতা আছে। আমরাও সহযোগিতা দিচ্ছি।
শুক্রবার ওই ইয়ার্ডে একটি পুরনো জাহাজ টাকার সময় বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনায় ৯ প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ঘটনা তদন্তে পরদিন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজীকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
পাঁচ কর্ম দিবসের মধ্যে এই কমিটিকে শিল্প সচিব বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিটি ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে কীভাবে এই ধরনের ঘটনা এড়ানো যায় তা নিয়ে সুপারিশ করবে।






