মিছিলে ধাওয়া দিলে পুলিশের ওপর হামলা, কারাগারে আ. লীগের ১৬ কর্মী

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরীতে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে নগরীর বন্দর থানার পোর্ট কানেক্টিং সড়কের তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
আজ শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানোর আদেশ আসে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আনন্দ মিছিল’ বের করেছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সামদানী জনির উদ্যোগে মিছিলের কথা লেখা ছিল ব্যানারে।
বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানালেন, মিছিল বের করার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম।



