ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হলেও স্বর্ণালংকার উদ্ধার করা যায়নি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও মো. হাশেম। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিতলের ঘট, প্রদীপ, ত্রিশূল, ঘণ্টা, থালা, গামলাসহ বিভিন্ন পূজার সামগ্রী, মন্দিরের প্রণামী বাক্সের ১ হাজার ২০০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তবে স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরি হয়। দুর্বৃত্তরা মন্দির থেকে তিনটি ঘট, সেগুলোর সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল।



