‘জিয়াউল স্বীকার করেছে হাসিনা ১০ হাজার খুনের নির্দেশ দিয়েছিল’

চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
আজ রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান জুয়েল বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পলাতক হাসিনা রক্তের হোলিখেলায় মেতেছিল। কুখ্যাত খুনি জিয়াউল হাসান ট্রাইব্যুনালে স্বীকার করেছে ফ্যাসিস্ট হাসিনা তাকে দশ হাজার মানুষ খুনের নির্দেশ দিয়েছিল।’
‘সেই পলাতক খুনি হাসিনাই ভারতে বসে বাংলাদেশে ক্ষমতায় আশার দিবা স্বপ্নে বিভোর। যার হাতে এদেশের হাজার হাজার মানুষের রক্ত। মায়ের কোলের অবুঝ শিশুও যার বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল। ক্ষমতালোভী হাসিনার বিচারের রায় কার্যকর করতে এদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।’
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, ‘পলাতক হাসিনা চলে যাওয়ার সময় শুধু শেখ পরিবারকে নিয়ে গেছেন। সাধারণ নেতাকর্মীদের কথা একবার চিন্তাও করেনি। ফ্যাসিস্ট হাসিনা একটি নির্বাচিত সরকারকে বিব্রত অস্থিতিশীল করতে ভারতে বসে কিশোর গ্যাং টোকাই ব্যবহার করে পটকা ফোটাচ্ছে। রাজনীতির নামে আগুনসন্ত্রাসের জবাব জাতীয়তাবাদী যুবদল রাজপথে দিতে বদ্ধপরিকর।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগ ভারতীয়। তারা এদেশের নয়। ভারতে শহীদ জিয়ার বীর চট্টলায় আগুনসন্ত্রাসী, লুটেরাদের ঠাঁই হবে না।’
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘পলাতক খুনি হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসররা জ্বালাও-পোড়াও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বীর চট্টলার যুবসমাজ ইতিমধ্যে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে শুরু করেছে।’
কেন্দ্রীয় যুবদলের সদস্য ফখরুল বিন খালেকও সমাবেশে বক্তব্য রাখেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন যুবদলের নেতাকর্মীরা।




