‘শিক্ষা নিয়ে বাণিজ্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে’

ছবি: আগামীর সময়
ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ছাত্র ইউনিয়ন। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সার্বজনীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ বৃহস্পতিবার বিকেলে বাষট্টির শিক্ষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর আলোচনাসভা করে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।
শহীদ মিনার প্রাঙ্গনে সভায় ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ১৯৬২ সালে পাকিস্তান সরকারের গণবিরোধী, সংকুচিত ও বাণিজ্যিক শরীফ শিক্ষা কমিশন নীতির বিরুদ্ধে ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছিল। শিক্ষার অধিকার রক্ষার সেই লড়াইয়ে পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, বাবুল, মোস্তফাসহ আরও অনেকে শাহাদাত বরণ করেন। শহীদদের সেই রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক শিক্ষা দিবস। ছাত্র ইউনিয়ন ছাত্র আন্দোলনের সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সুষম ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রেখেছে। শিক্ষা নিয়ে বাণিজ্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
সংগঠনটির চট্টগ্রাম জেলার সভাপতি শুভ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক এস এম. নাবিলের সঞ্চালনায় আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক সিয়াম হাসান, সহ-সাধারণ সম্পাদক দীপ্ত নূর, স্কুলছাত্র সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক প্রসেনজিৎ বৈদ্য বক্তব্য রাখেন।



