চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়।
ফলে মিছিলটি শুক্রবার করা হয় বলে ধারণা করা হচ্ছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এতে দাবি করা হয় উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ হাকিব নয়ন এই মিছিলের নেতৃত্বে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বললেন, ‘চবির ১ নম্বর গেটে ছাত্রলীগের মিছিল সম্পর্কে আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি।’
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এমন প্রকাশ্য মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।




