বিএনপির ৩ এমপির সমাবেশ, বললেন- আমরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে সমাবেশ করেছেন দলীয় তিন সংসদ সদস্য। তারা হলেন এনামুল হক এনাম, সরওয়ার জামাল নিজাম ও জসিম উদ্দিন।
এনামুল হক এনাম সমাবেশে বললেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। সংসদ সদস্যদের নিয়ে কেউ খেলবেন না।’
আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজারের এজে চৌধুরী কলেজ মাঠে ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংসদ সদস্যবৃন্দ’র ব্যানারে এ সমাবেশ হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ডাকা এ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন দক্ষিণের সাবেক আহ্বায়ক নগরের চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানও। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিছ ও সদস্যসচিব হেলাল উদ্দিন। তাদের না জানিয়ে হঠাৎ দক্ষিণের তিন আসনের তিনজন সংসদ সদস্যের সমাবেশ আহ্বান নিয়ে চট্টগ্রামে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। সদস্যসচিব হেলাল উদ্দিন সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগও তুলেছেন।
নেতাকর্মীদের মতে, সমাবেশের মধ্য দিয়ে আহ্বায়ক কমিটির সঙ্গে সংসদ সদস্যদের কোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে।
বিরোধের ইঙ্গিত মিলেছে সমাবেশের অন্যতম আয়োজক চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের বক্তব্যেও। তিনি বললেন, ‘বিভিন্ন দপ্তর থেকে নাকি হুমকি দেওয়ার কথা শুনছি এমপিদের সঙ্গে যাবেন না। কেন ভাই? আপনারা কী জানেন না এমপিদের নমিনেশন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের প্রত্যক্ষ ভোটে এমপিরা নির্বাচিত হয়েছেন। এ দেশ জনগণের। আর জনগণের প্রতিনিধি এমপিরা। এখানে আজ আমরা যারা হাজির হয়েছি, স্পষ্ট করে বলে দিতে চাই দলের দুঃসময়ে আমরাই বর্তমান প্রধানমন্ত্রীর শক্তি হিসেবে রাজপথে ছিলাম।’
তিনি আরও বললেন, ‘দক্ষিণ জেলা থেকে কেউ কেউ নাকি চেয়ারম্যান পদে নমিনেশনও দিয়ে দিচ্ছেন। আমি বলব, যা করবেন একটু চিন্তাভাবনা করে করবেন। ভুল করবেন না। সংসদ সদস্যদের নিয়ে খেলবেন না। আমরাও খেলতে চাই না। জনগণ যেখানে থাকবে আমরা এমপিরাও সেখানে থাকব। যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যারা সংসদ সদস্য আছি তারা ঐক্যবদ্ধভাবে থাকব। সকল ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করব।’
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বললেন, ‘বিভিন্ন পক্ষ সরকারকে বেকায়দায় ফেলে দেশকে অস্থিতিশীল করে পিছিয়ে নিয়ে যেতে চায়। তাদের প্রতিহত করতে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা সংসদ সদস্যরা ঐক্যবদ্ধ আছি।’
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনের জসিম উদ্দিনও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নাজমুল মোস্তফা আমিনও সমাবেশে বক্তব্য রাখেন।
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৬ মে ৫৪ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ করা হয় সেই কমিটি। আহ্বায়ক ও সদস্যসচিব বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভূমি প্রতিমন্ত্রী মীর মোহম্মদ হেলাল উদ্দীনের ঘরানার নেতা হিসেবে পরিচিত।




