বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
প্রতিবেদক, চট্টগ্রাম

জামাল হোসেন। সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। আগুন নেভাতে জামাল সেখানে যান। একপর্যায়ে আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন বলেছেন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





