এ্যানি
রাজনৈতিক ও আইনিভাবে আ.লীগকে মোকাবিলা করা হবে

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানালেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে তিনি একথা জানান। জেলা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এ্যানি এ সভায় যোগ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বললেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কোনোভাবেই এ ধরনের অস্থিরতা, অরাজকতা, নৈরাজ্য, সন্ত্রাস যেন তারা করতে না পারে সেটা আমরা দেখছি। একদিকে তাদের আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আরেকদিকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বললেন, ‘দেশে যে হারে সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে, সেই হারে বিচারের রায় পাওয়া যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে রায় পাওয়া গেলেও রায়টা কার্যকর হচ্ছে না। যার কারণে সন্ত্রাসীরা-খুনিরা উৎসাহিত হচ্ছে কি-না এটা আপনারা সাংবাদিকরা একটু ভেবে দেখবেন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বললেন, ‘১৭ বছরের ট্রেন্ড আমরা ১৭ দিনে কিংবা ১৭ মাসে ইচ্ছে করলেই পুরোপুরি শেষ করে ফেলতে পারব না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ পরিস্থিতির মোকাবিলা করব। চট্টগ্রামকে ব্যবসায়িক ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনায় রেখে সরকারের পক্ষ থেকে যা প্রয়োজন, সকল পদক্ষেপ আমরা নেব।’
‘আজকের সভায় আমরা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কোথায় কোথায় হচ্ছে, অবৈধ অস্ত্র, মাদক- সব বিষয়ে বিশদ আলোচনা করেছি। এই জেলার এই শহরের সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। অচিরেই রেজাল্ট পাবেন।’
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান ও এরশাদ উল্লাহ, সিএমপি কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



