ছাত্রলীগের ধর্মঘট ঘিরে ঝটিকা মিছিল-অবরোধ, স্কুলে তালা

ছবি: ভিডিও থেকে নেওয়া
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের দিকে নগর, ফটিকছড়ি ও পটিয়া উপজেলার বিভিন্ন স্কুল- কলেজে এই ঘটনা ঘটে।
এ ছাড়া আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পাশাপাশি নগর উপজেলার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি বিচ্ছিন্নভাবে মিছিলও করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার ভোরে নগরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ, পলোগ্রাউন্ড রেলওয়ে স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম। এর আগে সোমবার নগরের ওমরগণি এমইএস কলেজে তালা ঝোলানো হয়েছিল। তবে তালা ভেঙে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলেছে।
জানা যায়, পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ নুর ডিগ্রি কলেজ ও জিরি খলিল মীর ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝোলানো হয়। এ সময় পোস্টারও লাগানো হয় ফটকে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘট। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, দেশ সংস্কারের কাজ চলছে।’
তবে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানালেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে, ফটিকছড়িতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল দিয়ে তালা লাগাচ্ছেন। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও লাগানো হয়।
মিছিল, গ্রামীণ ব্যাংকে আগুন
আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে যায়। আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী জানালেন, অগ্নিকাণ্ডের পর ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কিছু নথিপত্র পুড়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে আনোয়ারা উপজেলার শোলকাটায় লাবিবা কনভেনশন হলের পাশে পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে অবস্থান নেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভ চলাকালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামেও স্লোগান দেন তারা।
একই সময় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের হাতে ব্যানার নিয়ে সড়কে অবস্থান এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
আনোয়ারা থানার ওসি বললেন, শোলকাটায় সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে সরে যান। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বললেন, সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার ভোরে পাইন্দংয়ের আমতলী এবং গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে মিছিল করেছে ছাত্রলীগ। এ ছাড়া ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানালেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নগরের নিউ মনসুরাবাদ, বিটাক, পলিটেকনিক এবং হাটহাজারীর কাটিরহাটে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সারা দেশে ধর্মঘট ডেকেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আর তাতে সমর্থন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।



