চট্টগ্রাম
ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম

ফখরুদ্দিন বাবলু
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ফখরুদ্দিন বাবলু (৬০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে। তার বাবার নাম সিদ্দিক আহমদ।
রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির ইনচার্জ অসীম চন্দ্র ধর জানিয়েছেন, দুপুরে কক্সবাজারমুখী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ষোলশহর স্টেশন পার হচ্ছিল। এ সময় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হচ্ছিলেন ফখরুদ্দিন। একপর্যায়ে দ্রুতগতির ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে তার শরীরের একাংশ ট্রেনের নিচে চলে যায়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



