বাবা খুনের আসামি ছেলে ওমান পালানোর পথে ধরা

সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সন্তানের মারধরে আহত হয়ে বাবার মৃত্যুর পর একদিন পর বিমানবন্দরে ধরা পড়েছেন ছেলে।
পুলিশের ভাষ্য, বাবা খুনের মামলার আসামি হয়ে ওমানে পালানোর চেষ্টা করছিলেন ওই ছেলে।
আজ বুধবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
গ্রেপ্তার ১৯ বছর বয়সী মোহাম্মদ শাহাদাতের বাড়ি বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামে। তার বাবা মোহাম্মদ শাহজাহান (৫০) গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের ভাষ্য, সংসারের নানা বিষয় নিয়ে সোমবার গভীর রাতে শাহজাহানের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বিদেশফেরত ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি মিলে বাবাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত শাহজাহানকে তারাই আবার রাতে চমেক হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর পর ছেলে-মেয়ে দুজন পালিয়ে যান।
পুলিশ পরিদর্শক সুধাংশ শেখর হালদার জানালেন, শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার ভাই-বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। শাহাদাত মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে পারেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এজন্য ইমিগ্রেশন পুলিশের কাছে শাহাদাতের ছবিসহ তথ্য পাঠিয়ে তাকে আটকের জন্য বলা হয়েছিল। এর ভিত্তিতে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে।





