‘বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত সম্ভব’

ছবি: আগামীর সময়
হালাল খাদ্যশিল্প ও পণ্যের যৌথ উৎপাদন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত সম্ভব বলছেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট আমিরুল হক।
আজ বুধবার চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের মতবিনিময়সভায় এই সম্ভাবনার কথা উঠে আসে।
সভার প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি জানালেন, দুই দেশের বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সম্প্রতি বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় আমদানি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশের ওষুধের গুণগতমানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের আরও কার্যকর যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের বন্দর ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর জোর দেন তিনি। পাশাপাশি ভিসা প্রক্রিয়াকরণসহ ব্যবসায়িক যোগাযোগ সহজ করতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানালেন, বিশ্বজুড়ে হালাল পণ্য সরবরাহে ইন্দোনেশিয়ার শীর্ষ। হালাল খাদ্যশিল্প ও শিল্পের কাঁচামালসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির জন্য রাষ্ট্রদূতের ভূমিকা চাই। এ ছাড়া ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো কর্তৃক বাংলাদেশি ব্যাংকের এলসি সরাসরি গ্রহণ না করায় ব্যবসায়ীদের অর্থ ও সময় অপচয়ের বিষয়টি তুলে ধরেন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে রেলওয়ে কোচ আমদানি করে। বাংলাদেশের রেলওয়ে ওয়ার্কশপ উন্নত করার মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় দেশেই রেল কোচ উৎপাদনে ভূমিকা রাখা সম্ভব।
সভায় আরও বক্তব্য রাখেন ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়েরর গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপনসহ চেম্বার পরিচালকবৃন্দ, বিভিন্ন দেশের অনারারি কনসালগণ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




